মুসফিকা আন্জুম নাবা

উচ্চারণভেদে ঈদুল আযহা, ঈদুল আজহা বা ঈদুল আদহা মূলত মুসলিম উম্মাহর  ‘ত্যাগের উৎসব’। ত্যাগের মহিমায় সমুজ্জল মুসলমানদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। সাধারণত এ উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এটি উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। দিনটিতে আমরা ফজরের নামাযের পর ঈদগাহে গিয়ে দু’রাকাত ঈদুল আযহার ওয়াজিব নামাজ আদায় করে ও স্ব-স্ব সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কুরবানি করে।

চান্দ্র পঞ্জিকায়, ঈদুল আযহা জিলহজে¦র ১০ তারিখে উদযাপিত হয়। গ্রেগরীয় পঞ্জিকায় তারিখ প্রতিবছর ভিন্ন হয়, সাধারণত একবছর থেকে আরেক বছর ১১ দিন অথবা ১২ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ¦ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।

আমাদের উপর যে কুরবানির আবশ্যকতা আরোপিত হয়েছে, তা মূলত মহান আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে হযরত ইব্রাহীম (আ.) কর্তৃক শিশু পুত্র ইসমাঈল (আ.)-কে আল্লাহর রাহে কুরবানি দেয়ার অনুসরণে। পবিত্র মক্কা নগরীর জনমানবহীন ‘মিনা’ প্রন্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা হযরত ইব্রাহীম (আ.) ও হযরত ইসমাঈল (আ.) আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষপরম্পরায় তারই স্মৃতি হচ্ছে ‘ঈদুল আযহা’।

প্রচলিত অর্থে ঈদুল আযহার দিন আল্লাহর নৈটক্য লাভের উদ্দেশ্যে শারঈ তরীকায় যে পশু যবহে করা হয়, তাকে ‘কুরবানি’ বলা হয়’। সকালে রক্তিম সূর্য ওঠার সময়ে ‘কুরবানি’ করা হয় বলে এই দিনটিকে ‘ইয়াওমুল আযহা’ বলা হয়।

ত্যাগের মহিমায় সমুজ্জল পবিত্র ঈদুল আযহা। পবিত্র কুরআন-হাদীসে দিবসটির কল্যাণ ও গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রয়েছে । মহাগ্রন্থ আল কুরআনে বলা হয়েছে, ‘আর কুরবানি পশু সমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে’ (হজ¦ ৩৬)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর আমরা তার (ইসমাঈলের) পরিবর্তে যবহে করার জন্য দিলাম একটি মহান কুরবানি। আমরা এটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম’ (ছাফফাত ১০৭-১০৮)। আল্লাহ বলেন, ‘তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি কর’ (কাওছার ২)।

প্রত্যেক সামর্থ্যবান ও সাহেবে নেসাবের জন্য ঈদুল আযহা উপলক্ষে পশু কুরবানি করা ওয়াজিব। হাদিসে রাসূল (সা.)এ বলা হয়েছে, ‘সামর্থ্য থাকা স্বত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়’। এটি ইসলামের একটি ‘মহান নিদর্শন’ যা ‘সুন্নাতে ইবরাহীম’ হিসাবে রাসূলুল্লাহ (সা.) নিজে মদীনায় প্রতিবছর এবং রাসুল (সা.)-এর আসহাবগণ নিয়মিতভাবে কুরবানি করেছেন এবং সে ধারাবাহিকতায় মুসলিম উম্মাহর সামর্থ্যবানদের মধ্যে এটি চালু আছে। বিষয়টি কুরআন-সুন্নাহ এবং ইজমায়ে উম্মত দ্বারা সুপ্রমাণিত।

বস্তুত, ঈদুল আযহা হযরত ইব্রাহীম (আ.), তদীয় স্ত্রী হযরত বিবি হাজেরা ও পুত্র হযরত ইসমাঈল (আ.) এর পরম ত্যাগের স্মৃতি বিজড়িত। হযত ইব্রাহীম (আ.)-কে আল-কুরআনে মুসলিম মিল্লাতের পিতা বলে উল্লেখ করা হয়েছে (হজ¦ ৭৮)। তাই ঈদুল আযহার দিন সমগ্র মুসলিম জাতি হযরত ইব্রাহীম (আ.) এর ত্যাগ-কোরবানীর অনুসরণে আল্লাহর সন্তষ্টি অর্জনের চেষ্টা করে। কুরবানির স্মৃতিবাহী জিলহজ¦ মাসে হজ¦ উপলক্ষে সমদ্র পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হয় ইবরাহীম (আ.)-এর স্মৃতি বিজড়িত মক্কা-মদীনায়। তারা হযরত ইব্রাহীম (আ.) ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে হজ¦ব্রত পালন করেন। হজ¦ মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ। যা প্রতিবছরই আমাদেরকে তাওহিদী প্রেরণায় উজ্জীবিত করে। আর কুরবানি হলো আত্মশুদ্ধি এবং পবিত্রতার মাধ্যম। আমাদের বিত্ত, সংসার এবং সমাজ আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত এবং কুরবানি হচ্ছে সেই নিবেদনের একটি প্রতীক।

ঈদুল আযহার লক্ষ্য হচ্ছে সকলের সাথে সদ্ভাব, আন্তরিকতা এবং বিনয়-নম্র আচরণ করা। ঈদের দিন ধনী-দরিদ্র, রাজা-প্রজা একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায়ের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায়। পরস্পরে কুশল বিনিময় করে আনন্দ ভাগাভাগি করে নেয়, জীবনকে স্বাচ্ছন্দ্যময় এবং আন্তরিক মহানুভবতায় পরিপূর্ণ করে।

শুধু পশু জবেহ করা কুরবানির মূল লক্ষ্য ও উদ্দেশ্য নয় বরং পশু কুরবানির মাধ্যমে নিজের পশুপ্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করাই হলো ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। এর মাধ্যমে আল্লাহ তায়ালার বান্দার তাকওয়ার পরীক্ষা গ্রহণ করেন। কালামে পাকে বলা হয়েছে, ‘কুরবানির পশুর রক্ত, গোশত কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া বা আল্লাহভীতি’ (হজ¦ ৩৭)।

মানুষ আল্লাহর সন্তষ্টি অর্জন করে ইহাকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে এবং ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হবে এই আদর্শই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) আমাদের জন্য রেখে গেছেন। রাসূলুল্লাহ (সা.) আমাদের জন্য ঐ ত্যাগের আনুষ্ঠানিক অনুসরণকে বিশেষ মর্যাদা দিয়েছেন। মূূূূূূূূূলত, ঈদুল আযহার মূল আহ্বান হলো আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা। সকল দিক হতে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে রুজু হওয়া। সম্পদের মোহ, ভোগ-বিলাসের আকর্ষণ, সন্তানের স্নেহ, স্ত্রীর ভালবাসা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি প্রতি আত্মসমর্পণ করাই হলো ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। হযরত ইব্রাহীম (আ.) আল্লাহর নির্দেশ পালনার্থে পুত্র কুরবানি করেছিলেন। আল্লাহর ভালোবাসার চাইতে যে পুত্রের ভালোবাসা বড় নয়, এটিই প্রমাণিত হয়েছে তার আচরণে। এটাই হলো প্রকৃত তাকওয়া বা আল্লাহভীতি।

হযরত ইব্রাহীম (আ.) তার প্রিয়পুত্র ইসমাঈল (আ.)-কে কুরবানি করে এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাতে অনাগত ভবিষ্যতের অগণিত মানুষ আল্লাহর নিকট আত্মসমর্পণের বাস্তব শিক্ষালাভ করতে পারে। প্রতিবছর জিলহজ¦ মাসে মুসলমানরা পশু কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহীম (আ.)-এর স্মৃতি স্মরণ করে এবং পশু কুরবানির সাথে সাথে নিজেদের পশুপ্রবৃত্তিকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। মূলত আল্লাহর রাহে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার নামই হলো আত্মসমর্পণ। পিতা-পুত্র আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের যে অনুপম আদর্শ স্থাপন করে গেছেন, তা যেমন অতুলনীয়, তেমনি চির অনুকরণীয়। আল্লাহ বলেন, ‘তোমরা যারা আল্লাহ ও পরকালের ভয় কর তাদের জন্যে ইবরাহীম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’ (মুমতাহিনা ৪-৬)।

হযরত আদম (আ.)-এর সময় থেকেই চলে আসা কুরবানির প্রথা পরবর্তীকালের সকল নবী-রাসুল, তাদের উম্মত আল্লাহর নামে, কেবল তারই সন্তুষ্টির জন্য কুরবানি করে গেছেন। এ কুরবানি কেবল পশু কুরবানি নয়। নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকার ত্যাগের কুরবানি। নিজের সালাত, কুরবানি, জীবন-মরণ ও বিষয়-আশয় সব কিছুই কেবল আল্লাহর নামে, শুধু তারই সন্তুষ্টির জন্য চূড়ান্তভাবে নিয়োগ ও ত্যাগের মানস এবং বাস্তবে সেসব আমল করাই হচ্ছে প্রকৃত কুরবানি। এই কুরবানির পশু জবেহ থেকে শুরু করে নিজের পশুত্ব জবেহ বা বিসর্জন এবং সংগ্রামের মাধ্যমে আল্লাহর রাস্তায় আত্মোৎসর্গ পর্যন্ত সম্প্রসারিত। এই কুরবানি মানুষের তামান্না, নিয়ত, প্রস্তুতি, গভীরতম প্রতিশ্রুতি থেকে আরম্ভ করে তার চূড়ান্ত বাস্তবায়ন পর্যন্ত সম্প্রসারিত। ঈদুল আযহার সময়, হজ¦ পালনকালে মুসলিমের পশু কুরবানি উপরোক্ত সমগ্র জীবন ও সম্পদের কুরবানির তাওহীদী নির্দেশের অঙ্গীভূত এবং তা একই সঙ্গে আল-কুরআনে আল্লাহ কর্তৃক ঘোষিত মানবজাতির পিতা হযরত ইব্রাহীম (আ.)-এর পুত্র কুরবানির চরম পরীক্ষা প্রদান ও আদর্শ চেতনার প্রতীকী রূপ।

মূলত প্রত্যেক মুসলমানের আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করাই হবে তাদের দায়িত্ব ও কর্তব্য। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) এ শিক্ষাই দিয়ে গেছেন তার সন্তানদের। তাই হযরত ইব্রাহীম (আ.) এর ঈমান-তাকওয়া ও ইসমাঈলী আত্মত্যাগের মহিমা যদি আবার জাগ্রত হয়, তবে আধুনিক জাহেলিয়াতের তমাশা ভেদ করে পুনরায় মানবতার বিজয় নিশান উড্ডীন হবে। সমাজে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।

তাই কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগে নিজেদের পশুত্বের গলায় ছুরি দিতে হবে। মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী ও আত্মত্যাগী হতে হবে। তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের মাধ্যমে প্রকৃত মুমিন বা মুত্তাকী হতে হবে। সে নির্দেশই আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে দিয়েছেন। কালামে হাকীমে বলা হয়েছে, ‘(হে নবী) আপনি বলুন : নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ সবকিছু বিশ্বপ্রতিপালক আল্লাহর জন্য। (সুরা আল আনআম, আয়াত-১৬২) সুতরাং আমাদের সালাত, কুরবানি, জীবন-মরণ সবকিছু হোক আল্লাহর জন্য নিবেদিত। আর এটিই হচ্ছে পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। তাই শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ঈদুল আযহার প্রকৃত শিক্ষা অনুধাবন করে বাস্তবজীবনে এর প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি মিলবে।

লেখক : শিক্ষার্থী, ফুড এন্ড নিউট্রিশন কলেজ অব হোম ইকোনমিকস।