নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্থানে রাস্তার একপাশে থাকা সারিবদ্ধ গাছ কাটার উদ্যোগ নেন ফিসারীর মালিক এডভোকেট দিদারুল ইসলাম ভূইয়া। রাস্তার দুপাশেই বেশ কয়েকটি পুকুরের পানিতে গাছের পাতা পড়ে মাছ চাষের ক্ষতি হওয়ায় গাছগুলো কাটার ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু গাছ কাটার বিষয়টি জানতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এতে বাধা প্রদান করে। বর্তমানে প্রশাসনের নির্দেশে আপাতত বন্ধ রয়েছে গাছ কাটার কার্যক্রম। জানাগেছে, গাংগাইল ফিসারীর মোড় থেকে পাইকুড়া বাজার পাকা রাস্তার গাংগাইল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্থানে এডভোকেট দিদারুল ইসলাম ভূইয়া’র বাড়ি। বাড়ির সামনে পাকা রাস্তার একপাশে রয়েছে সারিবদ্ধ গাছ। তবে দিদারুল ইসলাম ভূইয়া ৩০-৪০ বছর পূর্বে বিভিন্ন জাতের শতাধিক গাছের চারা লাগিয়েছেন বলে এলাকাবাসী জানায়। গাছগুলো বৃদ্ধি পেয়ে সড়কের শোভা বৃদ্ধির পাশাপাশি পথচারীসহ এলাকাবাসীদের সুশীতল ছায়া ও বাতাস দিয়ে যাচ্ছে। নানা ধরনের পশুপাখি সেসব গাছে বাসা তৈরী করার পাশাপাশি খাদ্য হিসাবে গ্রহন করছে গাছের ফল। কিন্তু বর্তমানে পাড়ে থাকা সারিবদ্ধ গাছের পাতা এবং ছায়া পুকুরে পড়ে মাছ চাষের ক্ষতি হচ্ছে বলে তিনি মনে করছেন। তাই সম্প্রতি এ সব গাছের সারি থেকে কিছু গাছ সানাদুল নামে এক গাছ ব্যবসায়ীর নিকট ১৮টি গাছ ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করায় গাছকাটা শুরু করলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার গাঙ্গাইল ইউপি’র স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেন। স্থানীয় বাসিন্দা আলম মিয়া, গোলাম মোস্তাফাসহ কয়েকজন জানান, উকিল সাহেব প্রথম তাদের জায়গাতেই গাছগুলি লাগিয়েছিলেন। পরবর্তীতে বিএসআর রেকর্ডের সময় সম্ভবত জায়গাটি সরকারি হিসাবে রেকড ভূক্ত হয়েছে। তবে মালিকানা যারই হোক গাছগুলি কাটা উচিত হবেনা। কেননা সুন্দর এ গাছের সারি পথচারীদের বিশ্রামে ছায়া দেবার পাশাপাশি ঝড়-তুফানের হাত থেকে তাদের বাঁচিয়ে রাখছে। এ বিষয়ে অ্যাডভোকেট দিদারুল ইসলাম ভুইয়া’র সেলফোনে একাধিকবার কল দিয়েও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) তৌহিদ হোসেন জানান, খালি চোখে দেখে মনে হচ্ছে গাছগুলি সরকারি জায়গায়। তারপরও সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গাটি মাপার জন্য সহকারি কমিশনার (ভূমি) মহোদয়কে অবহিত করা হয়েছে। নান্দাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়জুর রহমান জানান, আপাতত গাছ কাটা বন্ধ রাখা হয়েছে, সার্ভেয়ার আসলে মাপার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলে ক্ষতির অজুহাতে রাস্তার গাছ কাটছেন ফিসারীর মালিক
ময়মনসিংহের নান্দাইলে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্থানে রাস্তার একপাশে থাকা সারিবদ্ধ গাছ কাটার উদ্যোগ নেন ফিসারীর মালিক এডভোকেট দিদারুল ইসলাম ভূইয়া।
Printed Edition