ধামরাই (ঢাকা) সংবাদদাতা : মাদকের চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে ঢাকার ধামরাই। ঢাকা আরিচা মহাসড়ক এখন মাদক চোরাচালানিদের প্রধান ট্রানজিট রোড হিসেবে ব্যবহৃত হচ্ছে। এলাকার মাদক চোরাচালানি চক্রের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার মাদক চোরাচালানি ও ব্যবসায়ীরা এসব চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া উঠেছে। এ ছাড়া এসব চোরাচালানের ঢাকা আরিচা মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তি পুলিশের কথিত সোর্স জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে মাদকসহ চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ অন্য সংস্থাগুলো এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানান, চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে হঠাৎ করেই মহাসড়কের মাদক চোরাচালানিরা সক্রিয় হয়ে উঠেছে। চোরাচালানি সিন্ডিকেটের সঙ্গে মাদক ব্যাবসায়ীদের যোগাযোগ থাকে। এসব মাদক সীমান্ত থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডে পার হয়ে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই দিয়ে রাজধানীর ঢাকায় পাচার হচ্ছে। প্রতিনিয়তই চোরাচালানিরা তাদের কৌশল বদলাচ্ছে। বড় বড় চোরাচালানি সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন কৌশলে চোরাই পথে মাদক নিয়ে আসে। ব্যাগ গাড়ির সিটে, মালামাল রাখার বক্স, এমনকি ইঞ্জিন বক্স ও সিলিং এ কাজে ব্যাবহার করা হয়। পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গুলো রহস্যজনকভাবে চোরাচালানের গডফাদারদের ধরতে বার বার ব্যাথ হচ্ছে।