স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে মানুষ আমাকে বলতেছে আপনাদেরকে আরও ৫ বছর দেখতে চাই। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে। আরও বাড়ানো হবে।
বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
দেশে মব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে সেখানেই এ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।
শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবে না, এ কাজ শুধু পুলিশের না,জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বলেন, এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয় সেদিক নজর রাখবে পুলিশ।