সাভারে একই দিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে অনেকে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার অনুরোধ জানিয়েছেন।

চলন্ত যাত্রীবাহী বাস ডাকাতির ঘটনায় বাস যাত্রীরা জানায়, শুকবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহন নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে বেশ কয়েকজন ডাকাত ছুরি দিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বত্র কেড়ে নিয়ে যায়। অপরদিকে এর কিছুক্ষণ পর মহাসড়কের সিএনবির আগে রাজধানী পরিবহনে তিন ডাকাত উঠে ধারালো ছুরির ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণলঙ্কার লুটে নিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবিরকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এর আগে মহাসড়কটির একই স্থানে বেশ কয়েকটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।