বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাঁশখালীতে এক বন্যহাতি হত্যার অভিযোগ পাওয়া গেছে, সরেজমিনে নিহত হাতিটির দাঁত এবং পায়ের খুঁড়ি কেটে নেয়া, ধারালো অস্ত্রের আঘাতে মাথা থেকে শুঁড় আলাদা করাসহ হাতিটির শরীরে উপর্যুপরি আঘাতের চিহ্ন দেখা গেছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ৭ নং সরল ইউনিয়নের পাইরাং পূর্ব জঙ্গল গভীর পাহাড়ি অঞ্চলের লিচু বাগান সংলগ্ন মনুমারঝিরী এলাকায় স্থানীয়রা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে লোকমুখে বলাবলি করাতে হাতির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।
সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয়রা জানান, গত ৪-৫ দিন আগে রাতের আঁধারে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল, মানুষের ধান, ক্ষেতখোলা অনেক গাছ-গাছালি নষ্ট করেছিল, বিষয়টি বন বিভাগের লোকজনও দেখেছে, পরে সকালে স্থানীয় লোকজনের তাড়াখেয়ে হাতিটি পাহাড়ের দিকে চলে যায়। কিন্তু বুধবার হাতিটির মৃত্যু খবর ছড়িয়ে পড়ায় নিহত হাতিটি দেখতে স্থানীয় লোকজন গভীর অভয়ারণ্যে ভিড় জমাতে দেখা গেছে।
জলদি জলদি রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, হাতিটির মৃত্যু খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখেছি, হাতিটি স্ট্রোক করে মারা গেছে বলে ধারণা করেন তিনি। তবে স্ট্রোক করে মৃত্যু বরণ করার বিষয়টি নিশ্চিত হলেন কিভাবে? জানতে চাইলে তিনি বলেন, ধারণা করা হচ্ছে আর কী। স্ট্রোকে মৃত্যুবরণ করলে হাতিটির মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন কিভাবে হলো? আর হাতিটির দাঁত এবং পায়ের খুঁড়ি কাটলো কারা? এমন প্রশ্নের জবাবে আমতা আমতা করে বনকর্তা শাহ্ আলম বলেন, হয়তো হাতিটিকে হত্যা করা হয়েছে।