পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো’র উপবিভাগীয় প্রকৌশলী (আবাসিক প্রকৌশলী) মোঃ হারুন-অর-রশীদকে প্রায় ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি চালু ট্রান্সফর্মার চুরির দায়ে বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার (২১ মার্চ-২৫ ইং) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রের আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো পিএলসি’র আবাসিক প্রকৌশলী মোঃ হারুন-অর-রশীদ কর্মরত থাকা কালীন তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, গ্রাহক হয়রানি ও বেশ কিছু চালু ট্রান্সফর্মার চুরিসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।
সম্প্রতি সময়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব অভিযোগ আমলে নিয়ে রংপুর নেসকো পিএলসি’র প্রধান প্রকৌশলী (অপারেশন) মোঃ আশরাফুল ইসলাম মন্ডলকে প্রধান করে ৩ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেন।
উক্ত তদন্ত কমিটি প্রাথমিকভাবে স্বাক্ষ্য প্রমাণ পায় যে, পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো’র উপ-বিভাগীয় প্রকৌশলী (আবাসিক প্রকৌশলী) মোঃ হারুন অর রশিদ গত ০২ ফেব্রয়ারি-২৫ইং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ভিতর থেকে ০৩ টি, (উপজেলা ফিডার) গাইবান্ধা রোড সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামন থেকে ১১ কেভি ১টি ও (বিএটিসি ফিডার)রংপুর রোড টোবাকো কোম্পানির সামন থেকে ১১ কেভি ১টি ট্রান্সফরমারসহ ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি চালু ট্রান্সফর্মার ট্রাকে যোগে চুরি করে নিয়ে যায়।