পটুয়াখালী সংবাদদাত : টানা কয়েকদিনের প্রচ- গরমে হাঁসফাঁস করছিল পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ। বৈশাখের খরতাপে ক্লান্ত মানুষজনের জন্য যেন প্রকৃতি নিজেই উপহার নিয়ে এলো আজ দুপুরে। হঠাৎ করেই নামল স্বস্তির বৃষ্টি—আর তাতেই যেন প্রাণ ফিরে পেল পুরো এলাকা।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের পর থেকেই পটুয়াখালীর আকাশে জমতে থাকে ঘন মেঘ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, পরে তা রূপ নেয় মাঝারি ধরনের বৃষ্টিপাতে। অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিও হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি দুর্বল লঘুচাপের কারণে এ বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী এক-দুইদিন এ ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন এলাকায়। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বৃষ্টির মধ্যে অনেককে দেখা গেছে রাস্তায় ভিজতে। কেউ কেউ পরিবার নিয়ে বেড়াতে এসেছেন সমুদ্রসৈকতে, কেউ আবার দোকানের সামনেই উপভোগ করছেন বর্ষার এই আগমনী বার্তা। সবাই যেন ভুলে গেছেন দিনের গরম আর অসহনীয় দাবদাহ।