বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে সীমান্ত একটি জটিল, সংবেদনশীল এবং বহুস্তরীয় বাস্তবতা। ভৌগোলিক নৈকট্য, ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক সংযোগ এবং অর্থনৈতিক নির্ভরতার পাশাপাশি দু’দেশের সম্পর্কের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি হচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের নতুন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমি হস্তান্তরের ঘোষণার খবর নতুন করে এ ইস্যুকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

বাংলাদেশ-ভারত সীমান্ত দীর্ঘদিন ধরেই চোরাচালান, অবৈধ বাণিজ্য, মানবপাচার এবং সীমান্ত অপরাধের একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে বাংলাদেশ থেকে ভর্তুকিপ্রাপ্ত ডিজেল, অকটেন, সারসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগ বহুবার উঠে এসেছে। একইভাবে ভারত থেকেও বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। ফলে দু’দেশই রাজস্ব হারায়, কিন্তু বাংলাদেশের ক্ষতির মাত্রা অনেক ক্ষেত্রেই বেশি। কারণ এসব পণ্যের পেছনে সরকারের বৈদেশিক মুদ্রা ব্যয় এবং ভর্তুকি উভয়ই জড়িত থাকে। সীমান্ত যদি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হয় এবং অবৈধ বাণিজ্য কমে, তাহলে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে।

তবে প্রকৃত সংকট লুকায়িত আছে অন্যত্র। ভারতে দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছে যে দেশটির নানা অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তাজনিত সমস্যার জন্য “অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা” দায়ী। এমন বক্তব্য বহু বছর ধরে নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বিশেষ করে ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে সাধারণ ভারতীয় নাগরিকদের একটি অংশের মধ্যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদে দু’দেশের জনগণের সম্পর্কের জন্য উদ্বেগজনক। বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় চলে আসায় সে উদ্বেগ ও উৎকন্ঠা দুটোই বেড়েছে।

এর আগে আসামে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) প্রক্রিয়া সে রাজনীতিরই একটি বড় উদাহরণ। বিপুল অর্থ ব্যয় করে পরিচালিত সে প্রক্রিয়ার ফলাফল শেষ পর্যন্ত প্রত্যাশিত রাজনৈতিক বয়ানের সঙ্গে মেলেনি। বহু প্রজন্ম ধরে ভারতে বসবাসকারী মানুষ, প্রবীণ পরিবার এমনকি পরিচিত ভারতীয় নাগরিকরাও প্রশ্নবিদ্ধ হয়েছেন। এতে সমস্যার সমাধান হয়নি, বরং নতুন সামাজিক বিভাজন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গেও এখন একই ধরনের বক্তব্য আবার সামনে আনা হলে সেটি শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় থাকবে না, বরং সরাসরি বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। দু’দেশের সম্পর্ক কেবল সরকার-সরকার পর্যায়ে সীমাবদ্ধ নয়। শিক্ষা, চিকিৎসা, পর্যটন, ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। রাজনৈতিক লাভের জন্য যদি এ সম্পর্ককে সন্দেহ, ঘৃণা ও অবিশ্বাসের ভিত্তিতে দাঁড় করানো হয়, তাহলে সেটি উভয় দেশের জন্য ক্ষতিকর হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমান্তে কাঁটাতারের বাস্তব প্রভাব। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে বেড়া নির্মাণ করতে হয়। ফলে বিস্তীর্ণ ভূমি বেড়ার বাইরে পড়ে যেতে পারে। এতে স্থানীয় কৃষক, বাসিন্দা এবং সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে। যাদের বসতি বেড়ার বাইরে থাকবে, তাদের দৈনন্দিন চলাচলও প্রশাসনিক নিয়ন্ত্রণের আওতায় চলে আসবে। এটি স্থানীয় পর্যায়ে নতুন অসন্তোষের জন্ম দিতে পারে। বাংলাদেশের জন্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিত, আত্মমর্যাদাশীল এবং কূটনৈতিকভাবে পরিপক্ব অবস্থান গ্রহণ করা। একইসঙ্গে সীমান্ত হত্যা, চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং অনিয়ন্ত্রিত চলাচল প্রতিরোধে বাংলাদেশকেও নিজের সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে। প্রতিবেশী সম্পর্ক কখনো দেয়াল দিয়ে টিকে থাকে না, আবার সীমান্ত ব্যবস্থাপনাও পুরোপুরি উপেক্ষা করা যায় না। প্রয়োজন হলো বাস্তববাদী নীতি, পারস্পরিক সম্মান এবং এমন রাজনৈতিক ভাষা, যা দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব নয় বরং আস্থা তৈরি করবে।