দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কা সামনে আসার পর রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তা নিঃসন্দেহে ইতিবাচক। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার-এসব পদক্ষেপ যে কোনো দায়িত্বশীল রাষ্ট্রের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে প্রশ্ন হলো, আমরা কি এখনো কেবল ঝুঁকিপূর্ণ একটি অবস্থানে আছি, নাকি একটি দীর্ঘমেয়াদি, টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে পেরেছি?

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ঘাঁটি এবং এমনকি জাতীয় সংসদ ভবনকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি নিছক একটি সতর্কবার্তা নয়; বরং এটি নিরাপত্তা ব্যবস্থার ভেতরে থাকা দুর্বলতার একটি ইঙ্গিত। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহ, যাচাই এবং বিশ্লেষণের সক্ষমতা কতটা সমন্বিত-এ প্রশ্ন নতুন করে সামনে আসে। অনেক সময় দেখা যায়, তথ্য থাকে, কিন্তু তা যথাসময়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত হয় না। এ ব্যবধানই ঝুঁকি বাড়ায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক কাঠামোর ভেতরে উগ্রবাদবিরোধী ‘শুদ্ধি অভিযান’ পরিচালনার বিষয়টি একদিকে ইতিবাচক উদ্যোগ, অন্যদিকে এটি একটি সতর্ক সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর ভেতরে যদি কোনোভাবে চরমপন্থী মতাদর্শের অনুপ্রবেশ ঘটে থাকে, তবে তা কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি কাঠামোগত ঝুঁকি, যা দীর্ঘদিন ধরে অদৃশ্যভাবে গড়ে উঠতে পারে। এ প্রেক্ষাপটে সদস্যদের পেশাগত মূল্যায়ন, মানসিকতা পর্যবেক্ষণ এবং জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী করা জরুরি।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক সংযোগের প্রশ্ন। গোয়েন্দা সূত্রে আন্তর্জাতিক বিতর্কিত কিছু সংস্থার তৎপরতা ও দেশের বিভিন্ন বাহিনীর কিছু সদস্যের এদিকে ঝুঁকে পড়ার তথ্য বেশ কিছু মিডিয়ায় উঠে এসেছে। এ অভিযোগের সত্যতা এখনো যাচাইয়াধীন হলেও বিষয়টির গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। কারণ আধুনিক জঙ্গিবাদ আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি আন্তঃদেশীয় নেটওয়ার্ক, যেখানে আদর্শ, অর্থায়ন এবং প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে বাংলাদেশকে তার নিরাপত্তা কৌশল নির্ধারণে আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতাকে সমান গুরুত্ব দিতে হবে। ঝিনাইদহে উদ্ধার হওয়া আফগান নাগরিকের লাশের ঘটনাও এ বৃহত্তর নিরাপত্তা চিত্রের বাইরে নয়। মানবপাচারকারী চক্র, অবৈধ সীমান্ত অতিক্রম এবং আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্ক-এসব বিষয় প্রায়শই একে অপরের সাথে জড়িত থাকে। নিহত ব্যক্তির মানবপাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এবং তার আন্তর্জাতিক যাতায়াতের প্রেক্ষাপট আমাদের সীমান্ত ব্যবস্থাপনা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতাকে সামনে আনে। সীমান্ত কেবল ভৌগোলিক রেখা নয়; এটি নিরাপত্তা, অর্থনীতি এবং মানবিক সংকটের একটি সংযোগস্থল।

এ অবস্থায় রাষ্ট্রের করণীয় নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। প্রথমত, নিরাপত্তা ব্যবস্থাকে কেবল ঘটনার পর প্রতিক্রিয়া জানানো থেকে বেরিয়ে এসে পূর্বাভাসভিত্তিক করতে হবে। আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করার সক্ষমতা গড়ে তোলা জরুরি। দ্বিতীয়ত, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। গোয়েন্দা সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদানের একটি কার্যকর, দ্রুত এবং নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকলে বিচ্ছিন্ন উদ্যোগগুলো কাক্সিক্ষত ফল দেবে না। তৃতীয়ত, জনআস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সংক্রান্ত যেকোনো পরিস্থিতিতে গুজব, আতঙ্ক এবং বিভ্রান্তি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। জনগণকে অংশীদার হিসেবে বিবেচনা করে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে যথাযথভাবে অবহিত করতে পারে এবং একইসাথে অপ্রয়োজনীয় আতঙ্ক থেকেও বিরত থাকে। চতুর্থত, উগ্রবাদ মোকাবিলায় কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক ও আদর্শিক প্রতিরোধ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধের সঠিক ব্যাখ্যা এবং সামাজিক অন্তর্ভুক্তিÑএসব বিষয় দীর্ঘমেয়াদে চরমপন্থা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। যদি সমাজের ভেতরে হতাশা, বৈষম্য বা বিচ্ছিন্নতার বোধ তৈরি হয়, তবে সেটিই উগ্রবাদী গোষ্ঠীগুলোর জন্য উর্বর ক্ষেত্র হয়ে ওঠে।

বর্তমান পরিস্থিতি একটি সতর্কবার্তা, তবে এটিকে আতঙ্কের কারণ হিসেবে দেখার প্রয়োজন নেই। বরং এটি রাষ্ট্রীয় সক্ষমতা যাচাইয়ের একটি বাস্তব সুযোগ। নিরাপত্তা জোরদার করা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো একটি টেকসই, সমন্বিত এবং দূরদর্শী কৌশল গ্রহণ করা।