দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ এবং জটিল কারিগরি দক্ষতা অর্জনের পর অবশেষে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং বা ‘ফিজিক্যাল স্টার্টআপ’-এর উদ্বোধন নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতে একটি ঐতিহাসিক মাইলফলক। এ অর্জন শুধু একটি বিদ্যুৎকেন্দ্র চালুর ঘটনা নয়; এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার এক বাস্তব প্রতিফলন। এমন এক সময়ে এ প্রকল্প বাস্তবায়িত হলো, যখন বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির, জীবাশ্ম জ্বালানির মূল্য অনিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের চাপ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে পারমাণবিক শক্তি বাংলাদেশের জন্য একটি কৌশলগত বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে।

রূপপুর প্রকল্পে ব্যবহৃত ভিভিইআর-১২০০ প্রযুক্তি আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত। আন্তর্জাতিক মানদ- অনুসরণ করে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধাপের যাচাই-বাছাই শেষে জ্বালানি লোডিংয়ের অনুমতি পাওয়া এবং ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞের অপারেটিং লাইসেন্স অর্জন দেশের মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে। এই দৃষ্টিকোণ থেকে প্রকল্পটি কেবল বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়, বরং একটি প্রযুক্তিগত শিক্ষাকেন্দ্র হিসেবেও বিবেচিত হতে পারে। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু বাস্তব প্রশ্নও সামনে আসে। প্রকল্পটির ব্যয়, ঋণনির্ভর অর্থায়ন এবং ভবিষ্যতে বিদ্যুতের ইউনিটপ্রতি খরচ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। শুরুতে যে উৎপাদন খরচ অনুমান করা হয়েছিল, তা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে এ বিদ্যুৎ কতটা সাশ্রয়ী হবে, তা নির্ভর করবে দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং অপারেশনাল সক্ষমতার ওপর। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা। পারমাণবিক শক্তি যেমন সম্ভাবনাময়, তেমনি অত্যন্ত সংবেদনশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে সর্বোচ্চ মানের নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখা অপরিহার্য। একইসঙ্গে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা একটি দীর্ঘমেয়াদি দায়িত্ব, যা কেবল প্রযুক্তিগত নয়, নীতিগত ও পরিবেশগত প্রশ্নের সঙ্গেও জড়িত।

এ প্রকল্পকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্বালানি মিশ্রণের ভারসাম্য। এতদিন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন মূলত গ্যাস, তেল ও কয়লানির্ভর ছিল। এসব উৎস একদিকে যেমন আমদানিনির্ভরতা বাড়ায়, অন্যদিকে পরিবেশগত ঝুঁকিও তৈরি করে। পারমাণবিক শক্তি সেই নির্ভরতার চাপ কিছুটা কমাতে পারে এবং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ‘বেসলোড’ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম। ফলে নবায়নযোগ্য জ্বালানিÑযেমন সৌর বা বায়ু শক্তিরÑঅনিয়মিত উৎপাদনের ঘাটতি পূরণেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

এছাড়া, প্রকল্পটি বাস্তবায়নে বিদেশি সহায়তার ওপর উচ্চমাত্রার নির্ভরতা ভবিষ্যতে কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জ্বালানি সরবরাহ, প্রযুক্তিগত সহায়তা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের দিকে ধাপে ধাপে এগোতে হবে। অন্যথায় এই অর্জন আংশিকভাবে নির্ভরশীলতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। তারপরও সামগ্রিকভাবে বিবেচনা করলে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের মোট চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করবে। এটি শিল্পায়ন, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবেÑএমন প্রত্যাশা অমূলক নয়।

বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অর্জনকে টেকসই করা। স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরাপত্তা এবং দক্ষ ব্যবস্থাপনার সমন্বয়ে যদি এই প্রকল্প পরিচালিত হয়, তবে এটি সত্যিকার অর্থেই দেশের উন্নয়ন যাত্রায় এক শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। অন্যথায় বড় বিনিয়োগের এই উদ্যোগ প্রত্যাশিত সুফল দিতে ব্যর্থ হতে পারে। নিউক্লিয়ার যুগে বাংলাদেশের এ প্রবেশ তাই একদিকে যেমন গর্বের, অন্যদিকে তেমনি দায়িত্বেরও। জনআস্থা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ একটি বিষয়। পারমাণবিক শক্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু উদ্বেগ থাকে। এ ক্ষেত্রে সরকারের উচিত হবে নিয়মিত তথ্য প্রকাশ, স্বচ্ছ যোগাযোগ এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জনগণকে অবহিত রাখা।